জার্মানির বাভারিয়া রাজ্যে অ্যাডলফ হিটলারের সাবেক পার্বত্য আস্তানা ‘ঈগলস নেস্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৩ বছর বয়সী এক জার্মান নাগরিককে আটক করেছে পুলিশ। আগুনে ঐতিহাসিক ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে ভবনটিতে অগ্নিসংকেত পায় জরুরি সেবাকর্মীরা। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভবনটিকে আগুনে পুরোপুরি গ্রাস হতে দেখেন। দুর্গম পাহাড়ি অবস্থান, তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের দিকে যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহীকে সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়। আগুনের ঘটনায় তাঁর সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে অগ্নিসংযোগের সন্দেহের কথা বলা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে প্রায় ২০০ জরুরি কর্মী কাজ করেন। তদন্তকারীরা এখন পর্যন্ত অন্য কোনো সন্দেহভাজনের সম্পৃক্ততার প্রমাণ পাননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্চটেসগাডেন শহরের কাছে প্রায় ১ হাজার ৮৩৪ মিটার উচ্চতায় অবস্থিত ‘কেলস্টাইনহাউস’ নামে পরিচিত এই ভবনটি ১৯৩০-এর দশকে নাৎসি শাসনামলে নির্মিত হয়। এটি হিটলারের শাসনামলের ইতিহাসের সঙ্গে যুক্ত একটি স্থাপনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভবনটি পর্যটনকেন্দ্র ও রেস্তোরাঁ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।


