উয়েফা চ্যাম্পিয়নস লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠের ব্যর্থতার পাশাপাশি ক্লাবের পরিচালনা পর্ষদকে ঘিরে অসন্তোষও বাড়ছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে খেলোয়াড়দের জন্য নির্ধারিত দলীয় নৈশভোজ বাতিল করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় খেলোয়াড়দের নিয়ে একসাথে নৈশভোজের পরিকল্পনা ছিল। তবে স্পেনের রাজধানীতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হতাশাজনক হারের পর সেই আয়োজন আর হয়নি।
ম্যাচের পর আলোচনায় উঠে আসেন ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। ক্লাবের ফুটবল পরিচালক জেসন উইলকক্সের সমালোচনা করে তিনি দাবি করেন, শীর্ষ পর্যায়ের প্রতিপক্ষের সাথে সমানতালে লড়াই করার মতো পর্যাপ্ত মানসম্পন্ন খেলোয়াড় দলে নেই।
ঘটনার পরদিন নিজের প্রতিক্রিয়ার ব্যাখ্যা দেন মার্তিনেজ। কাঙ্ক্ষিত ফল না পাওয়ার হতাশা ও ক্ষোভ থেকেই তিনি এমন মন্তব্য করেছিলেন বলে জানান এই ডিফেন্ডার।
প্রতিবেদন অনুযায়ী, মার্তিনেজকে ঘিরে তৈরি হওয়া বিতর্কও দলীয় নৈশভোজ বাতিলের পেছনে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি চোটের কারণে একাধিক খেলোয়াড়কে না পাওয়ায় দল গঠন নিয়েও অসন্তুষ্ট ছিলেন তিনি।
অ্যাতলেটিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ ক্যারিককে সেন্টার-ব্যাক আয়ডেন হেভেনকে লেফট-ব্যাক হিসেবে খেলাতে হয়। মার্তিনেজের মতে, গুরুত্বপূর্ণ ম্যাচে একজন খেলোয়াড়কে তার স্বাভাবিক অবস্থানের বাইরে খেলানোর পরিস্থিতি দলটির স্কোয়াডের সীমাবদ্ধতা তুলে ধরে।
তবে মার্তিনেজের সমালোচনা হেভেনকে লক্ষ্য করে ছিল না। বরং দলবদলের বাজারে একজন স্বীকৃত লেফট-ব্যাককে দলে আনতে না পারায় ক্লাবের পরিচালকদের ওপর অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সাম্প্রতিক দলবদলে রক্ষণভাগের বিকল্প বাড়ানোর চেষ্টা করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এ ক্ষেত্রে নিউক্যাসল ইউনাইটেডের লুইস হলকে পছন্দের তালিকায় এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু তাকে ছাড়তে রাজি হয়নি নিউক্যাসল। ফলে রক্ষণভাগে বিকল্প খেলোয়াড়ের ঘাটতি নিয়ে ইউনাইটেডের পরিকল্পনা বাধাগ্রস্ত হয়।
অ্যাতলেটিকোর কাছে পরাজয়ের পর মাঠের পারফরম্যান্স, দল গঠনের সীমাবদ্ধতা এবং ক্লাবের পরিচালকদের ভূমিকা সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অভ্যন্তরীণ পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।


