...|...|...

জাতীয়

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৫০
Shares
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পর নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি রুটে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১০৭টি ফ্লাইট বাতিল বা ব্যাহত হয়েছে। এতে ১৬ হাজার ৬২০ জন যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্লাইট চলাচলে এই বিঘ্নের কারণে বিপুলসংখ্যক যাত্রীর ভ্রমণ পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে যারা সৌদি আরবে যাওয়ার কিংবা সেখান থেকে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন, তাদের ভ্রমণসূচি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বেবিচক জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সাথে সমন্বয় করে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের কার্যক্রম চলছে।

পরিস্থিতির উন্নতি এবং বিমান চলাচল স্বাভাবিক হওয়ার ওপর নির্ভর করছে আটকে পড়া যাত্রীদের ভ্রমণসূচি পুনর্বিন্যাসের বিষয়টি।