...|...|...

জাতীয়

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৯
Shares
দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা চলাকালে ঢাকায় সুনির্দিষ্ট কোনো নাশকতার আশঙ্কা বা তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।

ডিএমপি কমিশনার জানান, মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে গুরুত্ব ও ধরণ বিবেচনায় সেগুলোকে চার শ্রেণিতে ভাগ করে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বর্তমানে ঢাকা মহানগরীর ২৫৭টি পূজামণ্ডপে সরাসরি ২ হাজার ১০০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি মণ্ডপগুলোর আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা রয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন করা হবে।

একই সাথে নগরীতে যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন কমিশনার।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুল তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন ডিএমপি প্রধান। তিনি জানান, এসব অপতৎপরতা রুখতে ডিএমপির সাইবার মনিটরিং টিম নিবিড়ভাবে নজরদারি চালাচ্ছে। কোনো তথ্যের সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে শেয়ার না করার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।