...|...|...

জাতীয়

শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদফতর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, দুপুর ২:২৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০০
Shares
শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদফতর

ছবি: সংগৃহীত

আশ্বিনের শেষ দিনে হেমন্তের আগমনী বার্তা নিয়ে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বইতে শুরু করেছে শীতল বাতাস। মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় কমেছে বৃষ্টিপাতের প্রবণতা। রাজধানী ঢাকাতেও উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। তবে শীতের পূর্ণ আমেজ পেতে আরও অন্তত এক মাস অপেক্ষা করতে হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় শীতের অনুভূতি বাড়তে পারে। এ সময় থেকে ধীরে ধীরে কমতে শুরু করতে পারে তাপমাত্রা। আর ডিসেম্বর থেকে দেশজুড়ে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা দেখা দিতে পারে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের মতে, নভেম্বরের মাঝামাঝি সময়ে, অর্থাৎ হেমন্তের শেষ পর্যায়ে, হালকা শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে। এ ছাড়া এল নিনোর প্রভাবে এবার শীতের অনুভূতি তুলনামূলক কম থাকতে পারে।

অন্যদিকে, গত চার থেকে পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময়ে রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করতে পারে।