শীতের রাতে ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই মোজা পরে ঘুমান। কেউ আবার অভ্যাসগত কারণে সারা বছরই ঘুমানোর সময় মোজা ব্যবহার করেন। তবে এই অভ্যাস স্বাস্থ্যের জন্য কতটা ভালো? ক্লিভল্যান্ড ক্লিনিক, স্লিপ ফাউন্ডেশন ও হেলথলাইনের বিশেষজ্ঞদের মতে, সঠিক ধরনের মোজা ব্যবহার করলে ঘুমের মান উন্নত হওয়ার পাশাপাশি বেশ কিছু স্বাস্থ্যগত উপকার পাওয়া যেতে পারে। তবে ভুল ধরনের মোজা ব্যবহারে দেখা দিতে পারে নানা সমস্যা। নিচে এসম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
সম্ভাব্য উপকারীতা
- দ্রুত ঘুম আসতে সাহায্য করে: মোজা পরলে পা উষ্ণ হয় এবং ত্বকের রক্তনালি প্রসারিত হয়। এতে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কমতে শুরু করে, যা দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করে। পাশাপাশি রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার প্রবণতাও কমতে পারে।
- পায়ের ত্বকের যত্নে কার্যকর: ঘুমানোর আগে পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে সুতির মোজা পরলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। এতে পায়ের শুষ্কতা, রুক্ষতা ও গোড়ালি ফাটার সমস্যা কমতে পারে।
- ঠান্ডাজনিত অস্বস্তি কমায়: যাদের হাত-পা সহজেই ঠান্ডা হয়ে যায়, তাদের জন্য রাতে মোজা পরা আরামদায়ক হতে পারে। এ ছাড়া রেনডস সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের পা উষ্ণ রাখতে এবং মেনোপজের সময় হঠাৎ গরম অনুভূত হওয়ার সমস্যা কমাতেও এটি কিছুটা সহায়ক হতে পারে।
মোজা পরে ঘুমানোর স্বাস্থ্যঝুঁকি
অতিরিক্ত মোটা কিংবা কৃত্রিম তন্তুর তৈরি মোজা পরলে পা ঘেমে অস্বস্তি তৈরি হতে পারে। এতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। অন্যদিকে অপরিষ্কার মোজায় জমে থাকা ঘাম ও আর্দ্রতা ছত্রাকের সংক্রমণ এবং দুর্গন্ধের ঝুঁকি বাড়ায়।
খুব বেশি আঁটসাঁট মোজা পায়ের স্বাভাবিক রক্তসঞ্চালনে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে ডায়াবেটিস, পা ফোলা কিংবা রক্তসঞ্চালনজনিত সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কেমন মোজা পরে ঘুমাবেন?
বিশেষজ্ঞরা রাতে ঘুমানোর জন্য পরিষ্কার, ঢিলেঢালা ও বাতাস চলাচলের উপযোগী মোজা ব্যবহারের পরামর্শ দেন। সুতি কিংবা প্রাকৃতিক উলের তৈরি মোজা এ ক্ষেত্রে ভালো বিকল্প। দিনের বেলায় ব্যবহৃত মোজা রাতে না পরাই ভালো।
তবে সুস্থ থাকার জন্য মোজা পরে ঘুমানো বাধ্যতামূলক নয়। নিজের আরাম, আবহাওয়া ও শারীরিক অবস্থা বিবেচনা করেই এই অভ্যাস গড়ে তোলা উচিত।


