দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪ জন।
শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫২ জনে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৮৭ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৭ জনের। অর্থাৎ একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৪।
এদিকে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩ হাজার ৫২৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৮৬৭ জনের।


