শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস আর মাঠের উত্তেজনায় তৈরি হয়েছিল ফুটবল উৎসবের আবহ। গ্যালারিতে বসে সেই উৎসব উপভোগ করেছেন ২০০৩ সালের সাফজয়ী দলের গোলরক্ষক ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশের বড় জয়ের পর এবার তার চোখ ফাইনালে, যেখানে হামজা চৌধুরীর নেতৃত্বে সাফ শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তিনি।
ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন সাবেক এই তারকা ফুটবলার। বিশেষ করে হামজা চৌধুরীর নেতৃত্বের ওপর আস্থা রেখে তিনি বলেন, ‘হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি খেলোয়াড়। আমার বিশ্বাস, তার নেতৃত্বেই আমরা কাঙ্ক্ষিত সাফ শিরোপা জিততে পারব।’
শুধু হামজা নন, শ্রীলঙ্কার বিপক্ষে দলের প্রত্যেক খেলোয়াড়ের পারফরম্যান্সের প্রশংসা করেছেন আমিনুল। তার মতে, খেলোয়াড়দের পূর্ণ নিবেদনই এমন বড় জয়ের পেছনে ভূমিকা রেখেছে।
ম্যাচে নতুন মুখ ফারহানের পারফরম্যান্সও নজর কেড়েছে আমিনুলের। ড্রেসিংরুম থেকে বেরিয়ে প্রথমবার মাঠের মাটি ছুঁয়ে এই তরুণের আবেগপ্রবণ হয়ে পড়ার দৃশ্যও তাকে ছুঁয়ে গেছে। ফারহান সম্পর্কে আগে খুব বেশি জানা না থাকলেও এই ম্যাচে তার পারফরম্যান্স নজর কেড়েছে বলে জানান তিনি।
এবার সামনে ফাইনাল। ২০০৩ সালে যে সাফ শিরোপা নিজে জিতেছিলেন, দুই দশকের বেশি সময় পর সেই ট্রফি আবারও দেশের মাটিতে দেখতে চান আমিনুল। ফাইনাল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ফাইনালের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আমি সবাইকে অনুরোধ করব, দর্শকরা যেন সবাই মাঠে এসে খেলা দেখেন।’


