...|...|...

খেলা

বাংলাদেশের কাছে হারের পর ক্ষোভ ঝাড়লেন লঙ্কান কোচ, ‘আল্লাহর কাছে জবাব দিতে হবে’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৯ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১
Shares
বাংলাদেশের কাছে হারের পর ক্ষোভ ঝাড়লেন লঙ্কান কোচ, ‘আল্লাহর কাছে জবাব দিতে হবে’

আবদুল্লাহ আল মুতাইরি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাছে ৪-০ গোলে হারের পর সাফ কর্তৃপক্ষকে কড়া বার্তা দিয়েছেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। রেফারিং নিয়ে মন্তব্যের জেরে তাকে নিষেধাজ্ঞা ও জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাফ কর্তৃপক্ষের উদ্দেশে মুতাইরি বলেছেন, ‘সবাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রীলঙ্কার কোচ। তার অভিযোগ, ম্যাচের আগের দিন মধ্যরাতে সাফের পক্ষ থেকে মুঠোফোনে একটি বার্তা পাঠানো হয়। সেখানে সাফ ও রেফারিং নিয়ে মন্তব্যের কারণে ছয় মাসের বেশি নিষেধাজ্ঞা এবং প্রায় ১০ হাজার ডলার জরিমানার আশঙ্কার কথা জানানো হয়।

বিষয়টির সূত্রপাত ভুটানের বিপক্ষে শ্রীলঙ্কার ২-২ গোলে ড্র করা ম্যাচ থেকে। ওই ম্যাচে রেফারিং নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন মুতাইরি। এর পরিপ্রেক্ষিতেই তাকে সতর্কবার্তা পাঠানো হয় বলে দাবি তার।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুতাইরি বলেন, ‘আমাকে সাফ থেকে গতকাল মধ্যরাতে মুঠোফোনে বার্তা পাঠানো হয়। এই কথা টুর্নামেন্ট রেফারি সরাসরি বলতে পারতেন, ম্যাচের পরও বলতে পারতেন। মধ্যরাতে কেন? মধ্যরাতে তো আমার স্ত্রীও আমার সাথে কথা বলে না!’

সাফের এমন আচরণের পেছনে ষড়যন্ত্র রয়েছে বলেও মনে করেন শ্রীলঙ্কার কোচ। অতীতের একটি ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, একবার এক ভারতীয় কোচ পাকিস্তানের এক ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন। তখন সাফের পক্ষ থেকে ওই কোচ বিশ্বকাপে অংশ নেওয়া ব্যক্তি বলে উল্লেখ করা হলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়নি।

মুতাইরির দাবি, ভুটানের বিপক্ষে তিনি কোনো অসম্মানজনক মন্তব্য করেননি কিংবা কোনো খেলোয়াড়ের গায়েও হাত তোলেননি। এরপরও তাঁকে শাস্তির হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। ভারতীয় কোচের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া হয়নি কেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

বৈষম্যের অভিযোগ তুলে মুতাইরি আরও বলেন, ‘আমি যদি আমেরিকান বা ইউরোপীয় হতাম, তাহলে কি সাফ আমাকে সরাসরি এমন বার্তা দিত? অবশ্যই না। কারণ ভারতের ইউরোপীয় কোচকেও তখন শাস্তির কথা শোনানো হতো।’

সংবাদ সম্মেলনের শেষ দিকে সাফ অঞ্চলে আর কোচিং না করানোর সিদ্ধান্তের কথাও জানান মুতাইরি। চলতি টুর্নামেন্টই হবে সাফে তার শেষ আসর। নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার মন স্বচ্ছ। আমি কোনো ভুল করিনি। সবাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তখন সব পরিষ্কার হবে। আমি সাফ কর্তৃপক্ষের বিরুদ্ধে সব কথা ফেসবুকে প্রকাশ করব। সাফ আরবদের পছন্দ করে না, এজন্যই এমন করেছে।’