ঝালকাঠি নলছিটিতে ওসমান হাদির জন্মভূমিতে শনিবার বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তার বোন মাসুমা হাদি।
মাসুমা হাদি বলেন, ‘ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’ তিনি ওসমান হাদির আদর্শে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
সমাবেশে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সাক্ষাতের জন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মাসুমা হাদি বলেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরা যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ ন্যাক্কারজনক হামলা চালায়।’ তিনি জাতিসংঘের সহায়তায় হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তিনি আরও উদ্বেগ প্রকাশ করেন, ‘নির্বাচনের আগে প্রশাসনের এমন আচরণ দেখে সাধারণ জনগণের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।’
উল্লেখ্য, শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবিতে এবং হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর উপদেষ্টার বাসভবন পর্যন্ত পদযাত্রা শুরু করলে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এতে কয়েকজন আহত হন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

