সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। এর মধ্যদিয়ে ২০২৪ সালে একসাথে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২৩ বিচারকের মধ্যে তিনিই সর্বশেষ স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল ও আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবির। শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতিসহ সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী। তবে নির্ধারিত সময়ে তার বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় ওই সময়ে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়নি।


