...|...|...

খুলনা

হাঁস-মুরগির খোয়াড় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:০৩
Shares
হাঁস-মুরগির খোয়াড় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

হাঁস-মুরগির খোয়াড় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার। ছবি: টাইমস টুডে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে এক কৃষকের হাঁস-মুরগির খোয়াড় থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা। পরে অজগরটিকে সুন্দরবনের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বুড়িগোয়ালিনী গ্রামের আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বসতবাড়ির হাঁস-মুরগির খোয়াড়ে অজগরটি দেখতে পান পরিবারের সদস্যরা। স্থানীয়দের ধারণা, সুন্দরবন থেকে লোকালয়ে চলে এসে অজগরটি ওই খোয়াড়ে ঢুকে পড়ে। এরই মধ্যে এটি ছয়টি হাঁস-মুরগি গিলে ফেলে।

মুক্তার গাজী জানান, সকালে তার স্ত্রী প্রতিদিনের মতো খোয়াড়ের দরজা খুলে হাঁস-মুরগি বের করতে যান। এ সময় প্রথমে একটি মৃত মুরগি পড়ে থাকতে দেখেন। পরে খোয়াড়ের ভেতরে বিশাল আকৃতির অজগরটিকে কুণ্ডলী পাকিয়ে থাকতে দেখে ভয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করেন। অজগর দেখতে পেয়ে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয় সিপিজি সদস্যদের খবর দেওয়া হলে তারা বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে বিষয়টি জানান। খবর পেয়ে ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ও সিপিজি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা সতর্কতার সাথে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফরেস্ট স্টেশনে নিয়ে যান।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ৮ থেকে ১০ ফুট এবং ওজন ২৫ থেকে ৩০ কেজি। অজগরটিকে নিরাপদে হেফাজতে নেওয়ার পর বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুন্দরবনের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা বা আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে। বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা জরুরি।