...|...|...

জাতীয়

হরমুজ খুললে বাংলাদেশকে এলএনজি সরবরাহে অগ্রাধিকার চায় ঢাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, দুপুর ১২:১৫ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০৯
Shares
হরমুজ খুললে বাংলাদেশকে এলএনজি সরবরাহে অগ্রাধিকার চায় ঢাকা

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং সামুদ্রিক যোগাযোগ স্বাভাবিক হলে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে অগ্রাধিকার দেওয়ার জন্য কাতারের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

কাতারের সঙ্গে জ্বালানি খাতসহ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি সভার সাইডলাইনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে হুমায়ুন কবির ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টায় কাতারের ভূমিকার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে আঞ্চলিক সংলাপ, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং সামুদ্রিক যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর বাংলাদেশে এলএনজি সরবরাহে কাতার যেন অগ্রাধিকার দেয়।

জবাবে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি জ্বালানি খাতে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে কাতারের আগ্রহের কথা জানান।

বৈঠকে বাংলাদেশ ও কাতারের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।