কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজ কোম্পানিগুলোকে মার্কিন কর্মকর্তাদের বক্তব্যে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সর্বশেষ এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালীতে সম্প্রতি বেশ কয়েকটি জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন কর্মকর্তাদের মিথ্যা কথায় বিশ্বাস করবেন না। হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলের অননুমোদিত পথে চলাচলকারী জাহাজগুলোকে মাইন ও আগুনের ভয়াবহ বাধার মুখে পড়তে হবে।’
আইআরজিসির দাবি, সম্প্রতি মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত দুটি জাহাজকে মার্কিন যুদ্ধবিমান আকাশপথ থেকে নিরাপত্তা দিচ্ছিল।
এর আগে অক্টোবরের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছিল, হরমুজ প্রণালীর প্রধান নৌপথগুলো থেকে সব সামুদ্রিক মাইন অপসারণ করা হয়েছে। তবে ইরান সেই দাবি প্রত্যাখ্যান করে আসছে।


