হরমুজ প্রণালির কাছে সাগরে মাইনে আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি তেলবাহী জাহাজ।
রবিবার (৮ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
আইআরজিসি নৌবাহিনীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, জাহাজ দুটি হরমুজ প্রণালির একটি ‘অনিরাপদ’ এলাকা দিয়ে চলাচল করছিল। এ সময় জাহাজ দুটির নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল।
একপর্যায়ে সাগরে থাকা মাইনে আঘাত লাগে জাহাজ দুটির। এতে সেগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চলাচল বন্ধ হয়ে যায়।
আইআরজিসি নৌবাহিনী গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ৯টা ১২ মিনিটে এ তথ্য জানায়। তবে ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির নাম, পতাকাবাহী দেশ, হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।


