হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও ২ জনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চুনারুঘাট-সাতছড়ি সড়কের চানপুর বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মুহাদ্দিস খান (২০) ও একই উপজেলার সতং গ্রামের শেখ কাইয়ুম মিয়ার ছেলে শেখ নয়ন মিয়া (২১)।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে একটি মোটরসাইকেল যোগে দুই যুবক সাতছড়িতে যাওয়ার পথে চুনারুঘাট সাতছড়ি সড়কের চানপুর বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। আহত হয় ইজিবাইকের আরো ২ জন।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মূলত মোটরসাইকেলের স্পিড বেশি থাকার কারণে সাইকেল থেকে সিটকে পরে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


