হবিগঞ্জের বানিয়াচঙ্গে বাজার থেকে বাড়িতে ফেরার পথে রাস্তায় প্রকাশ্যে শেখ জায়দুল মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
নিহত জায়দুল মিয়া বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামের লোকমান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মন্দরী গ্রামের মজিদ মিয়ার গোষ্ঠীর সাথে একই গ্রামের নিহত জায়দুল মিয়ার গোষ্ঠীর মধ্যে গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। এর জের হিসেবে একাধিকবার সংঘর্ষ ও মারামারি ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে নিহত জায়দুল মিয়া স্থানীয় বাজার থেকে বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জায়দুল মিয়াকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে চলে যায়।
এ সময় তার শোর চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়।
খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের বোন জামাই মস্তু মিয়া জানান, একই গ্রামের মজিদ মিয়ার সাথে নিহতের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। আজ দুপুরে জায়দুল মিয়া বাড়িতে ফেরার পথে মজিদ মিয়ার লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে।
ইতিপূর্বে তাদের মধ্যে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও তিনি জানান।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, পূর্ব বিরোধের জের হিসেবে তাকে রাস্তায় একা পেয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।


