দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং- ‘র’-এর প্রধান পরাগ জৈন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ঢাকায় এসেছেন তিনি। তবে এই সফর নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
গত রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরাগ জৈনের সঙ্গে এই সফরে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার একটি নির্দিষ্ট হোটেলে অবস্থান করছেন।
পরাগ জৈন বর্তমানে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’-এর পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বও পালন করছেন। কূটনৈতিক মহলের মতে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এই প্রতিনিধি দলের বৈঠক ও আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে।
এদিকে, কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে যে, ঢাকায় আসার ঠিক আগেই ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছিলেন।

