ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে অযথা ‘জল্পনা-কল্পনা’ না করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের ডিজিএফআই প্রধান যেমন কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন, সেরকম সরকারি সফরে ‘র’ প্রধান এবার ঢাকায় এসেছেন। এটা দুই প্রতিবেশী দেশের স্বাভাবিক যোগাযোগের অংশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, র-এর যিনি এসেছেন, প্রধান এসেছেন, তাকে নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসেছেন। এটাও তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টারপার্ট আছে তার সাথে বসবেন। সরকার যদি মনে করে সেই সফরের পর কোনো একটা স্টেটমেন্ট হয়ত দেওয়া হবে। কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই।
তিনি বলেন, অনেকে এমন ভাব করছেন, যে গোপন। (অথচ) সবাই সব জানেন, পত্রিকায় সব চলে এল। কিন্তু এরকম কথা নেই, কোনো ব্যাপারই নেই, যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন।
এর আগে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) আমন্ত্রণে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে রবিবার (৯ আগস্ট) বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন পরাগ জৈন। তার সাথে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
এক কূটনৈতিক সূত্র জানায়, পরাগ জৈনের সফরটি নিয়মিত সফরের অংশ। ডিজিএফআইয়ের কর্মকর্তারা যেমন নিয়মিত ভারত সফর করেন, তেমনি ভারতের গোয়েন্দা সংস্থার (র) কর্মকর্তারাও বিভিন্ন সময়ে বাংলাদেশ সফর করে থাকেন।
এসব সফরে দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ নিজেদের পর্যবেক্ষণ ও দৃষ্টিভঙ্গি বিনিময় করে।
পরাগ জৈন ‘র’-এর প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।



