...|...|...

খেলা

স্যান্ডপেপার কাণ্ডে খাজার অভিযোগে ক্ষুব্ধ হয়ে যা বললেন কামিন্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:০৩
Shares
স্যান্ডপেপার কাণ্ডে খাজার অভিযোগে ক্ষুব্ধ হয়ে যা বললেন কামিন্স

ছবি: সংগৃহীত

২০১৮ সালের কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজার দাবি, শুধু অভিযুক্ত তিন ক্রিকেটার নন, দলের সবাই এ ঘটনা সম্পর্কে জানতেন। তবে খাজার এমন বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর বলে প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। তার দাবি, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে দলের অন্য খেলোয়াড়দের কোনো ধারণা ছিল না।

নিজের আত্মজীবনী ‘সবর’-এ ২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ড নিয়ে নানা অভিজ্ঞতা ও অভিযোগ তুলে ধরেছেন খাজা। এসব বক্তব্যের জবাব দিতে শুক্রবার (১৩ নভেম্বর) সিডনির ক্রিকেট সেন্টারে সংবাদ সম্মেলন করেন কামিন্স। প্রায় ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

কামিন্সের ভাষ্য, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি পুরো দল জানত বলে খাজার দাবি একেবারেই ভুল। তিনি বলেন, ‘উসমান যখন বললেন আমরা সবাই বিষয়টি জানতাম, তিনি যদি বোঝাতে চান যে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমরা জানতাম, তাহলে সেটি শতভাগ ভুল। গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি, এমন কিছু ঘটছে বলে আমার জানা ছিল না।’

খাজার অভিযোগের আরও একটি দিক নিয়ে আপত্তি জানিয়েছেন কামিন্স। তার দাবি, তিনি নিজে এবং দলের কয়েকজন ক্রিকেটার বল টেম্পারিংয়ের পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন বলে খাজা যে ইঙ্গিত দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

এ প্রসঙ্গে কামিন্স বলেন, ‘উসমান আসলে আরও গুরুতর কিছু বলেছেন। তিনি দাবি করেছেন, আমি এবং আরও কয়েকজন স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের পরিকল্পনার মূল কারিগর ছিলাম। এটি পুরোপুরি ভিত্তিহীন কথা। এই সপ্তাহে যখন জানতে পারলাম, উসমান স্বীকার করেছেন যে স্যান্ডপেপার ব্যবহারের সময় ক্যামেরন ব্যানক্রফটকে সতর্ক থাকতে বলেছিলেন, তখন সত্যিই বিস্মিত হয়েছি।’

খাজার এমন বক্তব্যে ব্যক্তিগতভাবেও হতাশ হয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই অধিনায়ক। তিনি বলেন, ‘এটি আমার চেনা উসমান নয়। গত আট বছরে অস্ট্রেলীয় ক্রিকেটের সংস্কৃতি পুনর্গঠনে যে উসমান আমাদের সাথে কাজ করেছেন, তার সাথে এই আচরণ মেলে না। আমার ধারণা, তখন এমন কিছু ঘটতে দেখলে উসমানই বরং সেটি থামিয়ে দিতেন। উসমান আমার বন্ধু। কিন্তু বন্ধুরা একে অপরের জীবন ও সুনামের বিষয়ে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারে না।’

কামিন্সের মতে, নিজের অভিজ্ঞতা তুলে ধরার অধিকার খাজার রয়েছে। তবে সে ক্ষেত্রে অন্যদের জীবন ও সুনামের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন। তিনি বলেন, ‘উজি নিজের বইতে আমার জীবন, আরও অনেকের জীবন এবং অস্ট্রেলীয় ক্রিকেটের সুনাম নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। নিজের গল্প বলার অধিকারকে আমি শতভাগ সমর্থন করি। সে যে নিজের কথা বলতে পারছে, এতে আমি খুশি। তবে আমরা যা বলি এবং করি, তার জন্য আমাদের জবাবদিহি করতে হবে।’

২০১৮ সালের অস্ট্রেলিয়া দলের পরিবেশ নিয়েও কথা বলেছেন কামিন্স। সে সময় দলের মধ্যে যেকোনো মূল্যে জয়ের প্রবণতা এবং একাধিক বিচ্ছিন্ন গোষ্ঠীর অস্তিত্ব ছিল বলে স্বীকার করেন তিনি। তবে বল রিভার্স সুইং করানোর জন্য অবৈধ পদ্ধতি ব্যবহারের কোনো সম্মিলিত পরিকল্পনা ছিল না বলে দাবি তার।

কামিন্স বলেন, ‘অবৈধ পদ্ধতি ব্যবহারের কোনো মহাপরিকল্পনা ছিল না। আমার মনে হয়, বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা হয়নি। মানুষ ধরে নেয়, বল রিভার্স সুইং করানোর জন্য বৈধ পদ্ধতি ব্যবহার থেকে হঠাৎ স্যান্ডপেপার ব্যবহারে যাওয়ার পেছনে নিশ্চয়ই বড় কোনো পরিকল্পনা ছিল। কিন্তু এটা সত্যি নয়। এ কারণেই আমি বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে চাই। এখানে প্রেক্ষাপট ও খুঁটিনাটি গুরুত্বপূর্ণ। কোনো মহাপরিকল্পনা ছিল না, দলের কোনো সভাও হয়নি। বোলাররা একসাথে বসে এমন কিছু করার সিদ্ধান্ত নেয়নি। আমার মনে হয়, পরিস্থিতির স্বাভাবিক ধারাবাহিকতায় একসময় এমন ঘটনা ঘটেছে।’

খাজার বইয়ে আরও উল্লেখ রয়েছে, কেপটাউন টেস্টের আগের ম্যাচ পোর্ট এলিজাবেথ টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। এ তথ্য জানার পর বিস্ময় প্রকাশ করেছেন কামিন্স। তার দাবি, সম্প্রতি বিষয়টি জানতে পেরেছেন তিনি। দলের কয়েকজনের সাথে কথা বলেও এ বিষয়ে আগে থেকে জানার কোনো প্রমাণ পাননি।

তিনি বলেন, ‘এই সপ্তাহেই প্রথম বিষয়টি জানতে পেরেছি। আমার কোনো ধারণাই ছিল না। দুয়েকজনের সাথে কথা বলেও দেখেছি, তাদের কাছেও এটি নতুন তথ্য। বিষয়টি আমাকে সত্যিই বিস্মিত করেছে। কারণ এখন আর এমনটা ঘটে না। আম্পায়াররা এখন মাঠের মাঝখানে বোলারদের হাতে বল তুলে দেন। তাই আমার এমন কিছু মনে নেই।’

নিজের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে মাঠে অবৈধভাবে বলের অবস্থা পরিবর্তনের একটি ঘটনাই দেখেছেন বলে জানিয়েছেন কামিন্স। তবে ওই ক্রিকেটারের নাম প্রকাশ করতে চাননি তিনি। কামিন্সের বর্ণনা অনুযায়ী, একবার এক অভিজ্ঞ ব্যাটসম্যান মাঠে বোতলের ছিপি বের করেছিলেন। বিষয়টি আম্পায়ারদের নজরে এলে তারা তাকে সতর্ক করেন এবং পরবর্তী সময়ে ব্যবস্থা নেন।

কেপটাউনের ঘটনার পর দলের সবাই মিলে দায় নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়েছিল বলেও মনে করতে পারছেন না কামিন্স। তার দাবি, খাজার এমন প্রস্তাবের বিষয়ে তিনি কিছুই জানতেন না। এ নিয়ে দলের অন্য কয়েকজনের সাথেও কথা বলেছেন তিনি। তাদের কাছ থেকেও একই ধরনের বক্তব্য পেয়েছেন।

ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তৎকালীন ইন্টেগ্রিটি প্রধান ইয়ান রয় ও হাই পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ডের নেতৃত্বে তদন্ত হয়। সেই তদন্তে সাক্ষাৎকার দেওয়ার কথা নিশ্চিত করেছেন কামিন্স। তার ভাষ্য, তদন্তের সময় যা জানতেন, সবই বলেছেন এবং এখনো তার বক্তব্যে কোনো পরিবর্তন আসেনি।

খাজার বক্তব্যকে মানহানিকর মনে করলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই কামিন্সের। দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আট বছর হয়ে গেছে। কোনো একসময় তো একটা সীমারেখা টানতেই হবে। আমি আইনি পদক্ষেপ নেব না। নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়ার হয়ে আমার অভিষেকের সময় থেকেই উসমান আমার পাশে ছিল। আমার ১৫ বছরের ক্যারিয়ারে সে অসাধারণ একজন মানুষ এবং বন্ধু।’

তবে বিষয়টি শুধু ক্রিকেটারদের মধ্যে সীমাবদ্ধ নয় বলে মনে করেন কামিন্স। এর প্রভাব পরিবারের সদস্যদের ওপরও পড়ে উল্লেখ করে তিনি জানান, সংবাদমাধ্যমে নিজের স্ত্রী বেকিকে নিয়েও খবর দেখেছেন। তার মতে, এমন ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়।