...|...|...

সারাদেশ

স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৭
Shares
স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামী আব্দুল জলিলের (৭০) দাফনের এক ঘণ্টা পর মারা গেলেন তার স্ত্রী আমিনা বেগম (৬০)। একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ মতিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর স্ত্রী আমিনা বেগম স্ট্রোকে আক্রান্ত হওয়ার আড়াই ঘণ্টা পর স্বামী আব্দুল জলিলও স্ট্রোক করেন। চিকিৎসা শেষে জলিলকে বাড়িতে আনা হয়।

সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার বিকাল ৪টায় তার দাফন সম্পন্ন হয়। এর এক ঘণ্টা পর বিকাল ৫টার দিকে মারা যান আমিনা বেগম। পরে বাদ মাগরিব জানাজা শেষে তাকেও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জলিল-আমিনা দম্পতির ছেলে আলম মিয়া বলেন, আমার বাবা-মায়ের মধ্যে অনেক মিল-মহব্বত ছিল। হয়ত সেকারণেই তারা একসাথে অসুস্থ হয়ে, একই দিনেই দুনিয়া থেকে বিদায় নিলেন। 

তিনি বলেন, বাবাকে ৪টার দিকে দাফন শেষ করে বাড়িতে আসার কিছুক্ষণ পরেই অর্থাৎ ৫টার দিকে মায়ের মৃত্যু হয়। এক দিনেই আমরা এতিম হয়ে গেলাম।

বিষয়টি নিশ্চিত করে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, একইদিন কিছু সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর এরকম ঘটনা খুব কমই হয়। পরিবারের জন্য বিষয়টি বেদনার। তারা আমার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের জন্য দোয়া করি তারা যেন জান্নাতবাসী হোন।