...|...|...

সারাদেশ

স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা যুবদল নেতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ৯:১৭
Shares
স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা যুবদল নেতার

অভিযুক্ত যুবদল নেতার নাম হযরত আলী মণ্ডল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ওই নারীর মুঠোফোনে ধারণ করা বলে দাবি করা হয়েছে।

অভিযুক্ত যুবদল নেতার নাম হযরত আলী মণ্ডল (৩৮)। তিনি ফুলবাড়িয়া উপজেলার একটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয় সূত্রে জানা যায় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রচারও চালাচ্ছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী নারী বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় মামলা করেছেন। তবে আজ শুক্রবার দুপুর পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়,ওই নারীর স্বামী মারামারির একটি মামলায় গত ১৪ সেপ্টেম্বর গ্রেফতার হয়ে কারাগারে যান। স্বামীকে কারামুক্ত করার আশ্বাস দিয়ে হযরত আলী ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন। গত ২০ অক্টোবর বেলা ১১টার দিকে ওই নারীর বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দেন তিনি। এতে রাজি না হওয়ায় ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

ভুক্তভোগী নারী কান্না জড়িত কণ্ঠে টাইমস টুডেকে জানান, স্বামীকে কারাগার থেকে ছাড়িয়ে আনার কথা বলে হযরত আলী নিয়মিত তাদের বাড়িতে আসতেন। ঘটনার দিনও তিনি কয়েকবার বাড়িতে আসেন। স্বামীকে মুক্ত করার কথা বলে তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাজি না হওয়ায় ঘরে ঢুকে তাকে জাপটে ধরে বিছানায় ফেলে দেন।

নিজের নিরাপত্তার কথা ভেবে আগে থেকেই মুঠোফোনে ভিডিও ধারণ চালু রেখেছিলেন বলে জানান ওই নারী। তার আশঙ্কা ছিল,কোনো দুর্ঘটনা ঘটলে ভিডিওটি প্রমাণ হিসেবে কাজে লাগবে। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ওই নারী আরও জানান, তার স্বামীকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। স্বামীকে মুক্ত করতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর আইনজীবীর মাধ্যমে গত সোমবার তার জামিন হয়। অভিযুক্ত হযরত আলীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি। পাশাপাশি অভিযুক্ত তাকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত হযরত আলী আত্মগোপনে রয়েছেন। তার মুঠোফোনও বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ বলেন, তিনি ফেসবুকে হযরত আলীর একটি ভিডিও দেখেছেন। বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, ভিডিওতে নারীকে ধর্ষণচেষ্টার দৃশ্য দেখা গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।