যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বিশ্ববাজারে আবারও স্বর্ণের দাম কমেছে। বাজারসংশ্লিষ্টদের ধারণা, এই তথ্য থেকেই ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদনীতি সম্পর্কে নতুন ইঙ্গিত মিলতে পারে।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২২ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৩ হাজার ৫২৪ ডলার ৩৬ সেন্টে নেমে আসে (ভরি ১ লাখ ৬৫ হাজার ১৩৫ টাকা প্রায়/ প্রতি গ্রাম ১৪ হাজার ১৩৫ টাকা) । আগের কার্যদিবসেও দাম ২ শতাংশের বেশি কমেছিল। গত সপ্তাহে স্বর্ণ এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।
এদিকে ডিসেম্বর মেয়াদের মার্কিন স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫২৩ ডলার ১০ সেন্ট হয়েছে।
স্বর্ণের ওপর চাপ বাড়িয়েছে শক্তিশালী মার্কিন ডলারও। ডলারের মূল্য বাড়লে অন্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে যায়।
বুধবার দিনের পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক বা পিসিই এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য প্রকাশ হওয়ার কথা রয়েছে।
অ্যাকটিভট্রেডসের পরিচালক ও প্রধান নির্বাহী রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, পিসিই সূচক প্রত্যাশার চেয়ে কম এলে সুদের হার আরও বাড়ার আশঙ্কা কিছুটা কমতে পারে। এতে ডলার দুর্বল হয়ে স্বর্ণের দাম আবার ৩ হাজার ৬০০ ডলারে উঠতে পারে, এমনকি ৩ হাজার ৬৫০ ডলারও ছুঁতে পারে।
তবে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হলে পরিস্থিতি উল্টো হতে পারে। সে ক্ষেত্রে সুদ আরও বাড়ার সম্ভাবনা জোরালো হবে এবং স্বর্ণ ৩ হাজার ৫০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে ৩ হাজার ৪০০ ডলারের দিকে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।
সিএমইর ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরের বৈঠকে ফেড সুদের হার বাড়াবে—এই সম্ভাবনা বাজারদরে পুরোপুরি প্রতিফলিত হয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে সুদ বাড়িয়েছিল ফেড।
সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমে যায়। কারণ, তখন বন্ডসহ সুদ পাওয়া যায় এমন সম্পদ তুলনামূলক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।
চলতি বছরের শুরুতে রেকর্ড উচ্চতায় ওঠার পর থেকে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ৩৭ শতাংশ কমেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ১৬টি বড় বাণিজ্যিক অংশীদারের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের ফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। তদন্ত শেষে বিভিন্ন ধরনের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের সম্ভাবনাও রয়েছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ২৩ দশমিক ৪ সেন্ট হয়েছে। প্লাটিনাম ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ২৫১ ডলার ৭২ সেন্টে এবং প্যালাডিয়াম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮৪৭ ডলার ৪৬ সেন্টে নেমেছে।



