স্থলপথে ইরানকে অবরুদ্ধ করা কার্যত অসম্ভব বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, ইরানের বিশাল ভূখণ্ড, বিপুলসংখ্যক প্রদেশ এবং সীমান্তবর্তী অঞ্চলের নানা সক্ষমতা মার্কিন নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইরানের বার্তা সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (ইসনা) জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাদেশিক কার্যালয়গুলোর প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এক সেমিনারের ফাঁকে এসব কথা বলেন আরাঘচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিস্তৃত ভূখণ্ড ও বিভিন্ন প্রদেশের বহুমুখী সক্ষমতা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ মোকাবিলা করা সম্ভব। এ ক্ষেত্রে সীমান্তবর্তী প্রদেশগুলো বিশেষ ভূমিকা রাখতে পারে।
আরাঘচি বলেন, ‘সীমান্ত দিয়ে নিয়মিত যাতায়াত, জনগণের পারস্পরিক সম্পর্ক এবং সীমান্তের উভয় পাশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন ইরানের প্রদেশগুলোতে, বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশগুলোতে এমন সক্ষমতা তৈরি করেছে, যার মাধ্যমে শত্রুরা আমাদের জন্য যেসব পথ বন্ধ করতে চায়, সেগুলো আবার খুলে দেওয়া সম্ভব।’


