...|...|...

খেলা

স্টার্কের জোড়া বিশ্বরেকর্ড, ১৪৯ বছরের ইতিহাসে প্রথম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪২
Shares
স্টার্কের জোড়া বিশ্বরেকর্ড, ১৪৯ বছরের ইতিহাসে প্রথম

মিচেল স্টার্ক। ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে এক ম্যাচেই জোড়া বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৪৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। একই সাথে টেস্টে সবচেয়ে কম বল খরচ করে ৪৫০ উইকেট নেওয়ার কীর্তিও এখন ৩৬ বছর বয়সী এই পেসারের দখলে।

দক্ষিণ আফ্রিকার গেবেখায় টেস্টের তৃতীয় দিনে উইয়ান মুল্ডারকে আউট করে ক্যারিয়ারের ৪৫০তম উইকেট তুলে নেন স্টার্ক। এই অর্জনের মাধ্যমে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে ছাড়িয়ে যান তিনি। আকরামের টেস্ট উইকেটসংখ্যা ৪১৪, আর হেরাথের শিকার ৪৩৩ উইকেট।

বাঁহাতি বোলারদের মধ্যে অনন্য উচ্চতায় পৌঁছানোর পাশাপাশি বলের হিসাবেও নতুন রেকর্ড গড়েছেন স্টার্ক। টেস্টে ৪৫০ উইকেট নিতে তার লেগেছে ২০ হাজার ৫৭৭ বল। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রার দখলে। ৪৫০ উইকেট পেতে ম্যাকগ্রা করেছিলেন ২৩ হাজার ৪৭৪ বল। অর্থাৎ ম্যাকগ্রার তুলনায় ২ হাজার ৮৯৭ বল কম খরচ করেছেন স্টার্ক।

অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসেও ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা বোলারের সংখ্যা খুব বেশি নয়। স্টার্কের আগে দেশটির হয়ে এই কীর্তি গড়েছিলেন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও নাথান লায়ন। এবার চতুর্থ অস্ট্রেলীয় বোলার হিসেবে তাদের পাশে নিজের নাম যুক্ত করলেন স্টার্ক।

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের অন্যতম ভরসা স্টার্ক। নতুন এই দুই রেকর্ডের মাধ্যমে টেস্ট ক্রিকেটে নিজের অবস্থান আরও শক্ত করলেন তিনি। বাঁহাতি বোলারদের মধ্যে ৪৫০ উইকেটের অনন্য মাইলফলক এবং দ্রুততম সময়ে এই অর্জন দুই কীর্তিই তাকে টেস্ট ইতিহাসের বিশেষ তালিকায় জায়গা করে দিয়েছে।