...|...|...

খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, সকাল ১১:১৪
Shares
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আনভীর ক্রিকেট স্টেডিয়াম। এবিজি স্পোর্টস সিটির এই মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। ম্যাচটির মধ্য দিয়ে আন্তর্জাতিক দলের ক্রিকেট আয়োজনের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের অবকাঠামোগত সক্ষমতা তুলে ধরার সুযোগ পাচ্ছে স্টেডিয়ামটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচে টস ছাড়াই খেলা শুরু হয়। আলোচনার মাধ্যমে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ দল। এর আগে এই মাঠে বয়সভিত্তিক ক্রিকেট, ঘরোয়া প্রতিযোগিতা ও ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে আন্তর্জাতিক দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে ভেন্যুটির জন্য নতুন এক অধ্যায় শুরু হলো।

ম্যাচটি সামনে রেখে গত ১৯ অক্টোবর স্টেডিয়ামের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা পরিদর্শন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের নেতৃত্বে দলটি মাঠের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে।

পরিদর্শনের সময় পিচ, আউটফিল্ড, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা, লজিস্টিকস, গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত জায়গা এবং সম্প্রচারসুবিধাসহ প্রয়োজনীয় বিষয়গুলো খতিয়ে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা। পরিদর্শন শেষে মাঠের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বিসিবি।

ভবিষ্যতে এই স্টেডিয়ামে আরও বড় পরিসরে ক্রিকেট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান জানিয়েছেন, এখানে আরও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিষয়ে বিসিবির সাথে ইতিবাচক আলোচনা চলছে। পাশাপাশি কমপ্লেক্সে আরেকটি আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ নির্মাণের কাজও চলমান। ২০২৭ সালের মধ্যে মাঠটির নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

এদিকে বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দুটি টেস্ট ম্যাচ খেলবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৮ অক্টোবর ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে।

ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছেন রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহ্যাম।

অন্যদিকে বিসিবি একাদশে রয়েছেন মাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকি, ইফতেখার হোসেন, জাকের আলি, এস এম মেহেরব হাসান, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আব্দুল হালিম, অনিক দেব বর্ম, ফাহাদ হোসেন, হোসেন ও সান।