...|...|...

বিশ্ব

স্কুলে মোবাইল ফোন পুরোপুরি নিষিদ্ধ করতে চায় নেদারল্যান্ডস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, বিকেল ৩:২৩
Shares
স্কুলে মোবাইল ফোন পুরোপুরি নিষিদ্ধ করতে চায় নেদারল্যান্ডস

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে স্কুল চলাকালীন পুরো সময় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে দেশটির সরকার। শ্রেণিকক্ষের পাশাপাশি বিরতি, অ্যাসেম্বলি এবং স্কুল প্রাঙ্গণের অন্যান্য স্থানেও এই নিষেধাজ্ঞা কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ডাচ সম্প্রচারমাধ্যম এনওএসের প্রতিবেদনের বরাতে বার্তাসংস্থা আনাদোলু জানায়, দেশটির মন্ত্রিসভা স্কুলগুলোকে এমন নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে, যাতে শিক্ষার্থীরা স্কুলে থাকার পুরো সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকে।

প্রস্তাবটি কার্যকর হলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের স্কুল চলাকালীন ফোন বন্ধ রাখতে বা ব্যবহারের বাইরে রাখতে হবে।

তবে বর্তমানে দেশজুড়ে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করার মতো সরাসরি আইনি ক্ষমতা ডাচ মন্ত্রিসভার নেই। এ কারণে সরকার আপাতত শিক্ষা খাতের জন্য সুপারিশ ও নীতিগত নির্দেশনা দেওয়ার পথেই এগোচ্ছে।

শিশু-কিশোরদের অতিরিক্ত ও সম্ভাব্য ক্ষতিকর অনলাইন কার্যক্রম থেকে সুরক্ষিত রাখতে সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। কর্মকর্তারা বলছেন, আসক্তি তৈরির মতো অ্যালগরিদম, স্বয়ংক্রিয় ভিডিও এবং সোশ্যাল মিডিয়ার নকশা তরুণদের স্ক্রিন টাইম কমানো কঠিন করে তুলছে।

এর আগে ২০২৪ সালে পাঠদানের সময় মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপে জাতীয় পর্যায়ে একটি সমঝোতায় পৌঁছেছিল নেদারল্যান্ডস।

স্কুলে ফোন ব্যবহারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ন্যূনতম বয়সসীমা নিয়েও কঠোর অবস্থান নিতে চাইছে ডাচ সরকার। ইউরোপীয় কমিশন ১৩ বছর বয়সসীমা নিয়ে আলোচনা করলেও নেদারল্যান্ডস ন্যূনতম বয়স ১৫ বছর করার পক্ষে অবস্থান নিয়েছে।

এ ছাড়া ফ্যামিলি ভ্লগার ও শিশু ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রেও কঠোর নিয়ম আনার প্রস্তুতি চলছে। প্রস্তাব অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশুদের দিয়ে নিয়মিত অনলাইন কনটেন্ট তৈরি করানোকে নির্দিষ্ট পরিস্থিতিতে ‘শিশুশ্রম’ হিসেবে বিবেচনা করা হতে পারে এবং নিয়ম ভাঙলে শাস্তির বিধান রাখা হতে পারে।