...|...|...

আইন ও আদালত

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৪
Shares
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) ‘মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ এই রিট আবেদন দায়ের করেন।

রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক এবং মাউশির উপ-সচিবকে বিবাদী করা হয়েছে। রিটকারীর পক্ষে আইনজীবী জাহিদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

রিট আবেদনের বিবরণ অনুযায়ী, ২০২১ শিক্ষাবর্ষ থেকে সরকারি-বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হচ্ছিল। তবে চলতি বছরের ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন লটারি পদ্ধতি বাতিল করে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা এবং প্রথম শ্রেণিতে লটারি চালুর ঘোষণা দেন।

আইনজীবী জাহিদ তালুকদার জানান, লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়ে শিক্ষাবিদ ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পর্যাপ্ত গবেষণা ও অংশীজনদের সাথে আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা আবার চালু হলে নতুন করে কোচিং বাণিজ্য মাথাচাড়া দিয়ে উঠবে এবং কোমলমতি শিশুরা মানসিক চাপের মুখে পড়বে। এ ছাড়া সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের শিশুরা কোচিংয়ের ব্যয় বহন করতে না পেরে বৈষম্যের শিকার হবে। এসব দিক বিবেচনা করেই সিদ্ধান্তটি বাতিলের আর্জি জানানো হয়েছে।

আগামী সপ্তাহে বিচারপতি এস এম মনিরুজ্জামান ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।