...|...|...

খেলা

স্কালোনির অধীনে ৭-০ গোলের জয়, আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ডে কত গোলের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৬
Shares
স্কালোনির অধীনে ৭-০ গোলের জয়, আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ডে কত গোলের

ছবি: সংগৃহীত

কোস্টারিকাকে ৭–০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ২০২৬ সাল শেষ করেছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে কোচ লিওনেল স্কালোনির অধীনে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ডে আবারও ভাগ বসিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে এটি সপ্তম গোলের ব্যবধানে পাওয়া দ্বিতীয় জয়। সব মিলিয়ে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এক ম্যাচে অন্তত সাত গোল করার ঘটনা ১৭ বার।

কর্দোবায় অনুষ্ঠিত ম্যাচে কোস্টারিকার জালে সাতবার বল পাঠায় আর্জেন্টিনা। এর আগে গত মাসে মনুমেন্তাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোকেও একই ব্যবধানে হারিয়েছিল দলটি। তবে ওই ম্যাচে আফ্রিকার দেশটি তাদের নিয়মিত খেলোয়াড়দের বেশির ভাগকে মাঠে নামায়নি। মূলত অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের নিয়েই খেলেছিল তারা।

এর আগে ২০২৩ সালের ২৯ মার্চ কুরাসাওয়ের বিপক্ষেও ৭–০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে জাতীয় দলের হয়ে নিজের শততম গোলের মাইলফলক স্পর্শ করেন লিওনেল মেসি। স্কালোনির দায়িত্ব নেওয়ার আগেও এমন বড় জয়ের নজির রয়েছে আর্জেন্টিনার। ২০১৪ সালে হংকং এবং ২০১৫ সালে বলিভিয়ার বিপক্ষে ৭–০ গোলে জিতেছিল দলটি।

তবে সাত গোলের ব্যবধানে পাওয়া এসব জয় আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ডের কাছাকাছিও নয়। সেই কীর্তি গড়েছিল দলটি ৮৪ বছর আগে।

১৯৪২ সালের কোপা আমেরিকায় ইকুয়েডরকে ১২–০ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। জাতীয় দলের ইতিহাসে অফিশিয়াল ম্যাচে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানের জয়। ঐতিহাসিক সেই ম্যাচে একাই পাঁচ গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি হোসে ম্যানুয়েল মোরেনো। প্রতিভার বিচারে যাকে অনেকেই পেলে ও দিয়েগো ম্যারাডোনার সমপর্যায়ের মনে করেন। কোপা আমেরিকার ইতিহাসে ৫০০তম গোলটিও এসেছিল তার পা থেকে। আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড এরমিনিও মাসানতোনিও ওই ম্যাচে চার গোল করেছিলেন।

আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ১৯৭৫ সালের কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে ১১–০ গোলের জয়। এ ছাড়া ১৯২৮ সালের অলিম্পিকে যুক্তরাষ্ট্রকে ১১–২ গোলে হারানোর কীর্তিও রয়েছে দলটির। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে বড় ব্যবধানের জয়ের তালিকায় এই ম্যাচটিও উল্লেখযোগ্য হয়ে আছে।