...|...|...

জাতীয়

সৌদি থেকে শনিবার ফিরছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ লাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, দুপুর ২:৩৫
Shares
সৌদি থেকে শনিবার ফিরছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ লাশ

ছবি: সংগৃহীত

সৌদি থেকে শনিবার ফিরছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ লাশদীর্ঘ আড়াই মাসের অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচ প্রবাসীসহ সাত বাংলাদেশির লাশ আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। স্বজনদের কাছে প্রিয়জনের নিথর দেহ ফিরে আসার খবরে একদিকে অপেক্ষার অবসান ঘটলেও অন্যদিকে শোকের ভার আরও বাড়ছে।

বাংলাদেশ দূতাবাস, সম্প্রতি রিয়াদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া সাত প্রবাসীর লাশ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে দেশে আনা হচ্ছে। ফ্লাইটটি শনিবার সকাল ৮টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। নিহতদের মধ্যে নওগাঁর পাঁচজন এবং নাটোরের দুইজন রয়েছেন।

নওগাঁর নিহত পাঁচ প্রবাসী হলেন-নওগাঁ পৌর এলাকার পার নওগাঁর শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের সাগর আলী। অন্যদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. শামীম ও সাব্বির হোসেনও রয়েছেন এই তালিকায়।

উল্লেখ্য, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে নওগাঁ জেলারই ছিলেন ১২ জন। ঘটনার পর গত ২৭ আগস্ট প্রথম ধাপে সাতজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। তবে পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়ায় জটিলতার কারণে বাকি পাঁচজনের লাশ এত দিন সৌদির হিমঘরে সংরক্ষিত ছিল।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, আইনি কার্যক্রম ও ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে লাশগুলো দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যদের শুক্রবার বিকেলে ডাকা হয়েছে। লাশ পরিবহনের জন্য সরকারিভাবে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবারগুলোর সাথে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে।

ইউএনও জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে আলাদাভাবে কোনো জানাজার আয়োজন করা হবে না। লাশগুলো সরাসরি নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক ও স্থানীয় ব্যবস্থাপনায় দাফন সম্পন্ন হবে।