প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টোকিও-ঢাকা ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ কমিটি গঠন করে। গঠিত কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদফতরের পরিচালক এয়ার কমোডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে চিফ প্ল্যানিং অ্যান্ড শিডিউলিংকে। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্য সচিব হিসেবে থাকবেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)। প্রয়োজনে কমিটি বিমানের যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।
অফিস আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৭৭৭ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
ফেরার পথেই ফ্লাইটটিতে কারিগরি ত্রুটির ঘটনা ঘটে। এ ঘটনায় ত্রুটির প্রকৃত কারণ, এর ধরন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।
জাপান সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।


