মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। সৌদি আরবের আকাশে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে হরমুজ প্রণালির দক্ষিণ অংশে একটি জাহাজে হামলার কথা জানিয়েছে ইরান। তেহরানের দাবি, অনুমোদিত নৌপথের বাইরে চলাচলের কারণে জাহাজটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সামুদ্রিক মাইনের আঘাতেও জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে একটি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য প্রকাশ করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, খাসাব বন্দরের উত্তরে হরমুজ প্রণালির দক্ষিণ দিকে একটি অননুমোদিত নৌপথ দিয়ে যাচ্ছিল জাহাজটি। এ সময় সামুদ্রিক মাইনের আঘাতে সেটির চলাচল বন্ধ হয়ে যায়।
জাহাজের মালিক ও ক্যাপ্টেনদের সতর্ক করে আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের জন্য নির্ধারিত নিরাপত্তাবিধি অনুসরণ করতে হবে। পাশাপাশি অনুমোদিত নৌপথ ব্যবহার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কবার্তা মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত এবং ইরানি বন্দরগুলোতে ওয়াশিংটনের নৌ-অবরোধের মধ্যে এ ঘটনা ঘটল। তেহরানের ভাষ্য অনুযায়ী, অননুমোদিত পথে চলাচলের সময় এর আগেও একাধিক তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি। বিশ্ববাজারে জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল তেলবাহী জাহাজ চলাচল করে।
অন্যদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে দুটি ড্রোন শনাক্ত করে সেগুলো ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার (২৫ নভেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। তবে ড্রোন প্রতিহত করার ঘটনায় কোনো হতাহত কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা স্পষ্ট করেননি তিনি।
এর আগে মঙ্গলবার সৌদি রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি বহুতল ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, এতে ১১ জন আহত হয়েছেন।
এ হামলার জন্য ইয়েমেনের হুথি গোষ্ঠীকে দায়ী করেছেন তুর্কি আল-মালিকি। পাশাপাশি হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে হুথি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সংঘাতের অংশ হিসেবে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটেছে।
২০১৫ সাল থেকে ইয়েমেনের সরকারকে সমর্থন দিয়ে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বেশ কয়েকটি অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে হুথি গোষ্ঠী।
এ পরিস্থিতিতে ইয়েমেনের হোদেইদা বন্দর এলাকার বেসামরিক বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার ভোরে নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে এ সতর্কতা জারি করা হয়।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক্সে যৌথ বাহিনীর কমান্ডের পক্ষ থেকে দেওয়া সতর্কবার্তা প্রকাশ করেন। সেখানে একটি মানচিত্রও যুক্ত করা হয়। মানচিত্রে লাল চিহ্ন দিয়ে যে এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলা হয়েছে, সেগুলো দেখানো হয়েছে।

