...|...|...

বিশ্ব

সৌদির বন্দর ও রাজধানী লক্ষ্য করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৯
Shares
সৌদির বন্দর ও রাজধানী লক্ষ্য করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর হামলা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলার পাশাপাশি জেদ্দা বন্দরের আকাশে একটি ড্রোন ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। একই সময়ে রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করার দাবি করেছে জোটটি। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের বন্দর, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ঘিরে উত্তেজনা বাড়ছে।

বুধবার (২৫ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এসব হামলা প্রতিহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানায়। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জিজান বন্দরে হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। একই দিনে জেদ্দা বন্দরের আকাশে একটি ড্রোন এবং রিয়াদ অভিমুখে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের খবর জানায় জোটটি।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানান, জেদ্দা বন্দরের আকাশে হুতিদের পাঠানো একটি ড্রোন শনাক্তের পর সেটি ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক ব্যক্তি আহত হননি বলেও দাবি করেন তিনি।

এদিকে জোটের বিবৃতি প্রকাশের পর ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন আল জাজিরার প্রতিনিধি নাবিল আল-ইউসুফি। এর কিছুক্ষণ পর সৌদি জোট জানায়, রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রিয়াদের আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত একটি এলাকায় বহুতল ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হুতিরা। ওই ঘটনায় অন্তত ১১ জন আহত হন। এর পরদিনই সৌদি রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হলো।

এদিকে ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি আরবের হামলার খবর প্রকাশের পর সৌদি বন্দরগুলোতে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছিল হুতিরা। বুধবার হুতিদের নিয়ন্ত্রণাধীন আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল হোদেইদা বন্দরে সৌদি হামলার খবর প্রকাশ করে। এর আগে হুতিরা সতর্ক করে বলেছিল, ওই বন্দরে হামলা হলে সৌদি আরবের বন্দরগুলোও তাদের হামলার লক্ষ্যবস্তু হবে।

ইয়েমেনে আমদানি করা পণ্যের প্রায় ৯০ শতাংশ হোদেইদা বন্দর দিয়ে প্রবেশ করে। ফলে বন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে দেশটিতে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন সানা থেকে আল জাজিরার প্রতিনিধি ইউসুফ মাওরি। তার ভাষ্য, সৌদি হামলায় বন্দরের পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত তেলের ট্যাংক ও ক্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর সাথে হুতিদের লড়াইও তীব্র হয়েছে। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্রের দাবি, বুধবার হুতিদের অবস্থান লক্ষ্য করে ৬৫৪টি হামলা চালানো হয়েছে।

আল জাজিরার প্রতিনিধি মাহা আলী তাইজ থেকে জানান, সাম্প্রতিক সময়ে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি হামলা হয়েছে। বিশেষ করে তাইজের পশ্চিমে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী।

মাহা আলী বলেন, ‘গত প্রায় ৭২ ঘণ্টা ধরে এসব হামলা চলছে। তীব্র ও ধারাবাহিক বিমান হামলা হয়েছে।’

তিনি আরও জানান, তাইজের কেন্দ্রীয় এলাকার ওপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ পাহাড়ি অবস্থানগুলো দখলে নেওয়ার চেষ্টা করছে দুই পক্ষ। এর মধ্যে রয়েছে জাবাল সাবের পর্বতমালা এবং এর সর্বোচ্চ চূড়া জাবাল আল-আরুস। সরকারি বাহিনীর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই চূড়াটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় হুতিরা।

তবে হুতিদের দাবি, বুধবার ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির ১০টি প্রদেশে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট ১০৫টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীদের সাথে সৌদি আরবের এই সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বন্দর, বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। এতে ইয়েমেনের আগে থেকেই সংকটাপন্ন মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।