সৌদি আরবের জাজান অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলায় একজন শ্রমিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম আনাদোলু বলছে, মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবৃতিতে বলেন, একটি ‘শত্রুপক্ষের আকাশপথে নিক্ষিপ্ত বস্তু’ শোধনাগারে আঘাত হানলে আগুন ধরে যায়। এতে কারখানার কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় নেপালের এক শ্রমিক নিহত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন দেশের আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদের কারও আঘাত গুরুতর, কারও তুলনামূলক কম।
আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
হামলার পরপরই জরুরি সাড়া দল ও বিশেষায়িত কারিগরি দল কাজ শুরু করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং স্থাপনার নিরাপত্তা যাচাইয়ের কাজ চলছে।
তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় কিছু জানায়নি। আহতের সুনির্দিষ্ট সংখ্যাও প্রকাশ করা হয়নি।
এর আগে বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জাজানের ওই তেল শোধনাগারে হামলা চালিয়েছে।
পরে জোট আরও জানায়, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল হুদাইদাহ প্রদেশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে। জোটের দাবি, ওই প্ল্যাটফর্ম থেকেই শোধনাগারে হামলা চালানো হয়েছিল।
সাম্প্রতিক সময়ে হুতি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর মধ্যে সৌদির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করেও হামলার ঘটনা ঘটছে।
২০২২ সাল থেকে তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাই থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে আবারও সংঘাত তীব্র হয়েছে।


