সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে নতুন করে একটি হামলার পর তেল সরবরাহ আবারও বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বার্তা সংস্থা এএফপিকে দেশটির জ্বালানি খাতের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছে, গতকাল পূর্ব-পশ্চিম পাইপলাইনে আবারও হামলা চালানো হয়েছে। রিয়াদের পূর্বে অবস্থিত খুরাইস এলাকার একটি পাম্পিং স্টেশনে এই হামলা হয়। এর আগে, এটিকে লক্ষ্যবস্তু করা হয়নি। সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাইপলাইনটির কার্যক্রম আবারও বন্ধ হয়ে গেছে।
এর আগে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোর বিভিন্ন স্থাপনা—যার মধ্যে খুরাইসের অবকাঠামোও অন্তর্ভুক্ত রয়েছে—লক্ষ্যবস্তু করার দাবি জানানোর একদিন পরই এই প্রতিবেদন প্রকাশ হলো।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে এই পূর্ব-পশ্চিম পাইপলাইনটি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে। এর আগে ইরাকভিত্তিক ইরান-পন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে চালানো হামলার পর বিশ্বের শীর্ষ তেল রফতানির দেশ সৌদি আরব গত মাসেও এই পাইপলাইনটি বন্ধ করে দিয়েছিল।
উল্লেখ্য, প্রায় ১,২০০ কিলোমিটার (৭৪৫.৬৫ মাইল) দীর্ঘ এই পাইপলাইনটি সৌদি আরবের পূর্ব দিকের প্রধান তেল ক্ষেত্রগুলোকে লোহিত সাগরের ইয়ানবু টার্মিনালের সাথে যুক্ত করেছে।
কমোডিটি-ট্র্যাকিং প্ল্যাটফর্ম কেপলার-এর তথ্য অনুযায়ী, এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পাইপলাইনটিতে তেল প্রবাহ বন্ধ ছিল।


