...|...|...

বিশ্ব

সৌদিতে সড়ক দুর্ঘটনায় পাঁচ শিক্ষকসহ নিহত ৬

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫৬
Shares
সৌদিতে সড়ক দুর্ঘটনায় পাঁচ শিক্ষকসহ নিহত ৬

ছবি: সংগৃহীত

সৌদি আরবের তাইফ-রিয়াদ মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ নারী শিক্ষক ও তাদের গাড়ির চালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মক্কা অঞ্চলে সংঘটিত এই দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে একটি তদন্ত শুরু করেছে জাতীয় পরিবহন নিরাপত্তা কেন্দ্র।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, নিহত শিক্ষিকারা মক্কা অঞ্চলের আল-মুওয়াইহ গভর্নরেটের উত্তর-পশ্চিমে অবস্থিত হাইলান প্রাথমিক ও মধ্যবিদ্যালয়ে যাতায়াত করতেন। এক স্বজনের তথ্য অনুযায়ী, নিহত শিক্ষকদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন।

উল্লেখ্য, বিদ্যালয়ে পৌঁছানোর জন্য ওই শিক্ষিকাদের দলটিকে প্রতিদিন যাতায়াতে ৪২০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হতো। এই মর্মান্তিক ঘটনাটি নিজ এলাকার বাইরে দূরবর্তী স্কুলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের প্রতিদিনের দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাতায়াতের চিত্রটিকে আবারও সামনে নিয়ে এল।

দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে আল-মুওয়াইহ হাসপাতালে নিয়ে যায়।

জাতীয় পরিবহন নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, তাইফ-রিয়াদ মহাসড়কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের খবর পাওয়ার পর প্রাথমিক তথ্যের ভিত্তিতে তারা ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে একটি নিরাপত্তা তদন্ত দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।