...|...|...

জাতীয়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫৫
Shares
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবরকে প্রবাসীদের জন্য বড় শিক্ষা হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি বাংলাদেশ সরকার। এ বিষয়ে তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। দেশটির আইন অনুযায়ী কোনো ব্যক্তি গুরুতর অপরাধে জড়িত হলে আদালত সেই আইনের ভিত্তিতে ব্যবস্থা নিয়ে থাকে। তবে আলোচিত দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানার জন্য সরকার অপেক্ষা করছে।

তিনি আরও জানান, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া বার্তায় বলা হয়েছে, ওই দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সৌদি আইনে এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় দেশটির আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য এখনো হাতে আসেনি বলে জানান প্রতিমন্ত্রী। দুই বাংলাদেশির পরিচয়, মামলার বিবরণ ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।