সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিমাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৩০ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির নানা-মাম্বেরে প্রিফেকচারের আব্বা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা। খবর এনডিটিভির।
বেঁচে যাওয়া এক খনি শ্রমিক ফ্লোরিয়ান গাগুয়েন্ডে জানান, মঙ্গলবার সকালে স্বল্প প্রযুক্তিতে পরিচালিত ঐতিহ্যবাহী ওই খনিটি হঠাৎ ধসে পড়ে। ধসের পর উদ্ধারকারীরা আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান শুরু করেন। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে আসছে বলে জানান তিনি।
আব্বা অঞ্চলের উপ-প্রিফেকচারের ডেপুটি মেয়র সুলেমান বি জানান, উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ধসে পড়া খনি থেকে ৩০টি মরদেহ উদ্ধার করেছেন। আহত কয়েকজন শ্রমিককে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এটি একটি ভয়াবহ ঘটনা। যারা এখনো খনির ভেতরে আটকা পড়ে আছেন, তাদের উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থা ও সহায়তাকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, কাদামাখা শ্রমিকরা ধ্বংসস্তূপ থেকে একটি মরদেহ উদ্ধার করছেন। একই সঙ্গে আরও অনেক শ্রমিক ও উদ্ধারকর্মী ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সরকারি মুখপাত্র এভারিস্ট এনগামানা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও প্রয়োজনীয় ত্রাণ দেওয়ার জন্য সরকার কাজ করছে।
দেশটিতে ছোট আকারের সোনার খনিতে দুর্ঘটনা নতুন নয়। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাব ও ঝুঁকিপূর্ণ খনন পদ্ধতির কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।


