...|...|...

পর্যটন

সেন্টমার্টিনে রাতযাপনের সুযোগ দুই মাস, যেতে লাগবে ট্রাভেল পাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, রাত ১১:২৭
Shares
সেন্টমার্টিনে রাতযাপনের সুযোগ দুই মাস, যেতে লাগবে ট্রাভেল পাস

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে পর্যটকদের যাতায়াতের সুযোগ থাকলেও রাতযাপন করা যাবে শুধু ডিসেম্বর ও জানুয়ারি মাসে। এ ছাড়া দ্বীপে ভ্রমণের জন্য প্রত্যেক পর্যটককে নিতে হবে ট্রাভেল পাস। পরিবেশ সংরক্ষণে আগের বছরের বিধিনিষেধও বহাল থাকছে।

রবিবার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে।

এবার দ্বীপটিতে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন। প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি। তবে ভ্রমণের অনুমতি থাকলেও রাতযাপনের সুযোগ সবার জন্য পুরো মৌসুমজুড়ে থাকছে না।

গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত বাস্তবায়নে রবিবার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের বিধানগুলো বহাল রাখা হয়েছে।

ওই প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকেরা শুধু দিনের বেলায় সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। একই দিন তাদের ফিরে আসতে হবে। অন্যদিকে, ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকেরা দ্বীপে রাতযাপনের সুযোগ পাবেন।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরীনা রহমান ‘প্রথম আলো’কে বলেন, ‘আগের প্রজ্ঞাপনে যা ছিল, সেটাই অনুসরণ করা হবে।’

অর্থাৎ, এবার পর্যটকদের যাতায়াতের সময়সীমা বাড়লেও দ্বীপে রাতযাপনের নিয়মে কোনো পরিবর্তন আসছে না। ডিসেম্বর ও জানুয়ারি-এই দুই মাসেই সেখানে রাত কাটাতে পারবেন পর্যটকেরা।

সেন্ট মার্টিনে যেতে লাগবে ট্রাভেল পাস

এবারও সেন্ট মার্টিন ভ্রমণের জন্য পর্যটকদের ট্রাভেল পাস নিতে হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের একজন কর্মকর্তা ‘গনমাধ্যমকে জানান, গতবারের মতো এবারও ট্রাভেল পাস নিয়ে পর্যটকদের দ্বীপে যেতে হবে। এ বিষয়ে কারিগরি প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পরিবেশ রক্ষায় বহাল থাকছে যেসব বিধিনিষেধ

পর্যটন মৌসুমে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গত বছরের প্রজ্ঞাপনে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এবারও এসব নিয়ম মেনে চলতে হবে পর্যটকদের।

নির্দেশনা অনুযায়ী, রাতে সমুদ্রসৈকত ও এর আশপাশের এলাকায় আলো জ্বালানো যাবে না। শব্দ সৃষ্টি করা এবং বারবিকিউ পার্টির আয়োজনও নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ, কেনাবেচা করা যাবে না। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি হয়-এমন কোনো কাজ করা যাবে না ।সমুদ্রসৈকতে মোটরসাইকেল ও সি-বাইকের মতো যানবাহন চালানোর ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

সব মিলিয়ে, পর্যটকদের জন্য সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ থাকলেও দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। বিশেষ করে ভ্রমণের আগে ট্রাভেল পাস সংগ্রহ এবং রাতযাপনের নির্ধারিত সময় সম্পর্কে জেনে নেওয়া জরুরি।