...|...|...

সারাদেশ

সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, রাত ১০:১৮
Shares
সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া জেলে মোস্তফা মাঝির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ও ভদ্রা নদীর মধ্যবর্তী চাওলাবগীর মুখে এ দুর্ঘটনা ঘটে। সেখানে একটি অজ্ঞাতনামা কয়লাবাহী লাইটার জাহাজ মোস্তফা মাঝির মাছ ধরার নৌকায় ধাক্কা দেয়। এতে মোস্তফাসহ নৌকায় থাকা তিন জেলে নদীতে পড়ে যান।

এ সময় অপর দুই জেলে শুকুর আমিন ও সানাউল্লাহ সানি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন মোস্তফা মাঝি। পরে তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে নৌ পুলিশ।

নিহত মোস্তফা মাঝি পিরোজপুরের কাউখালী উপজেলার শয়না গ্রামের অজেদ মাঝির ছেলে।

চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের দুই ছেলে মোংলায় এসেছেন। তাদের সাথে কথা বলা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে বাগেরহাট প্রতিনিধি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তবে জেলেদের নৌকায় ধাক্কা দেওয়া লাইটার জাহাজটির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।