লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হওয়ার ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও বাঘটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাঘটির সন্ধানে ড্রোন ব্যবহার, তল্লাশি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার বিকালে ঢাকা থেকে বন বিভাগের ছয় সদস্যের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বাঘের আক্রমণে আহত ব্যক্তিরা হলেন আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম (৪৫)।
আহত তিনজনের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
১৫ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীন বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৯০৫/১১-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে ধানক্ষেতের পাশে গেলে শরিফা বেগমকে আকস্মিক আক্রমণ করে বাঘটি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আরও দুজন আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিরাপত্তায় ফাঁকা গুলি ছোড়ে বিজিবির টহল দল। এতে বাঘটি ঘটনাস্থল ছেড়ে পাশের জঙ্গলে চলে যায়। এরপর বাঘটিকে শনাক্ত ও নিরাপদে উদ্ধারে তল্লাশি শুরু হয়। সম্ভাব্য অবস্থান শনাক্ত করতে ড্রোনের সাহায্যে অনুসন্ধান চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং ও টহল জোরদার করা হয়েছে।
বাঘটিকে উদ্ধারে তৎপরতা বাড়াতে সোমবার বিকেলে ঢাকা থেকে বন বিভাগের ছয় সদস্যের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সাথে লালমনিরহাট, হাতীবান্ধা ও রংপুরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও কাজ করছেন। বাঘটির অবস্থান শনাক্ত এবং নিরাপদে উদ্ধারের লক্ষ্যে তারা বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। বাঘটিকে উদ্ধার এবং সেটি যেন আবার লোকালয়ে প্রবেশ করে মানুষের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে না পারে, সে জন্য জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।
বাঘের আক্রমণের পর থেকে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের কয়েকজন জানান, রবিবার রাতে টর্চলাইট ও মুঠোফোনের আলো জ্বালিয়ে অনেকে বাঘটির সন্ধানে অবস্থান করেন। তবে সোমবার রাত ৯টা পর্যন্ত বাঘটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাঘটির সন্ধান ও নিরাপদে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।


