গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ালিয়াবাড়ী এলাকায় হাজী বাবুলের ভাড়া দেওয়া সাতটি ঝুটের গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে কাশিমপুরের সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কাশিমপুরের সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


