...|...|...

বিশ্ব

সীমান্তে বাংলাদেশি পর্যটকদের হয়রানির অভিযোগে ২ ভারতীয় দালাল গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:৪২
Shares
সীমান্তে বাংলাদেশি পর্যটকদের হয়রানির অভিযোগে ২ ভারতীয় দালাল গ্রেফতার

ছবি: সংগৃহীত

ভারতের পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশি পর্যটকদের হয়রানি ও প্রতারণার অভিযোগে দুই স্থানীয় দালালকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জোর করে কম দামে মুদ্রা বিনিময়, অতিরিক্ত গাড়িভাড়া আদায় এবং বাংলাদেশি যাত্রীদের পাসপোর্ট আটকে রাখাসহ বিভিন্নভাবে হয়রানির অভিযোগ রয়েছে।

মঙ্গলবার পেট্রাপোল ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল-২–এর কাছে অভিযান চালিয়ে ইব্রাহিম বিশ্বাস ওরফে মুন্না এবং আলমগীর মন্ডলকে গ্রেফতার করে পেট্রাপোল থানার পুলিশ।

বাংলাদেশি পর্যটকদের অভিযোগ, কাস্টমস ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে স্থলবন্দর থেকে বের হওয়ার পরই দালালদের হয়রানি শুরু হয়। জোর করে কম দামে মুদ্রা বিনিময়ে বাধ্য করা, স্বাভাবিকের চেয়ে বেশি গাড়িভাড়া দাবি করা এবং পাসপোর্ট নিয়ে নেওয়ার মতো অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কিছু ক্ষেত্রে শারীরিকভাবে হেনস্তারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

পর্যটকদের দাবি, পেট্রাপোল বন্দরকে ঘিরে এ ধরনের হয়রানি দীর্ঘদিনের। সীমান্ত পার হওয়ার পরপরই দালালদের চাপের মুখে পড়তে হয় অনেক বাংলাদেশি যাত্রীকে। এতে ভ্রমণের শুরুতেই তারা ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়েন।

অভিযোগ রয়েছে, এ ধরনের ঘটনায় পেট্রাপোল থানায় পর্যটকদের পক্ষ থেকে একাধিক অভিযোগ জমা পড়লেও আগে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে বন্দরের আশপাশে দালালদের তৎপরতা বেড়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সম্প্রতি বাংলাদেশি পর্যটকদের হয়রানির একাধিক অভিযোগ সচিবালয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছানোর পর পুলিশ তৎপর হয় বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।