...|...|...

সারাদেশ

সীমান্তের ৫৮ পূজামণ্ডপে বিজিবির ১৬ প্লাটুন মোতায়েন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, রাত ৮:২১
Shares
সীমান্তের ৫৮ পূজামণ্ডপে বিজিবির ১৬ প্লাটুন মোতায়েন

সীমান্তের পূজামণ্ডপে বিজিবি মোতায়েন। ছবি: টাইমস টুডে

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে সাতক্ষীরার সীমান্তবর্তী ও অতি গুরুত্বপূর্ণ ৫৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এসব মণ্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের মায়ের বাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৩৩ বিজিবির অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।

বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৫৮ কিলোমিটার সীমান্ত এলাকায় মোট ২৯১টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অতি গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী ৫৮টি পূজামণ্ডপে সরাসরি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত একটি মণ্ডপও রয়েছে।

তিনি বলেন, সারা দেশে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিজিবির প্রায় ১০ হাজার সদস্য বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বেসামরিক প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে বিজিবি। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি, নিয়মিত টহল এবং সংশ্লিষ্টদের সাথে নিবিড় যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন এলাকায় প্রায় দুই হাজার বিজিবি সদস্য মোট ২৯২টি পূজামণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়ে বিজিবি অধিনায়ক বলেন, বাংলাদেশ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। নাগরিক, পূজামণ্ডপ কর্তৃপক্ষ, গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এবারও শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।