...|...|...

সারাদেশ

সিসিক নির্বাচনে জামায়াতের মেয়রপ্রার্থী ড. বাবুল

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৩৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩১
Shares
সিসিক নির্বাচনে জামায়াতের মেয়রপ্রার্থী ড. বাবুল

সিসিক নির্বাচনে জামায়াতের মেয়রপ্রার্থীর নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির এ. টি. এম. আজহারুল ইসলাম এমপি।

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়রপ্রার্থী হিসেবে ড. নুরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করা হয়েছে। আলোচনার বাইরে থাকা মহানগর জামায়াতের নায়েবে আমির ড. বাবুলকে মনোনয়ন দিয়েছে দলটি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট মহানগর জামায়াত আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়টি চূড়ান্ত করা হয়।

সিলেট মহানগরীর থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী ‘শিক্ষা শিবিরে’ প্রধান অতিথির বক্তব্যে দলের পক্ষে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ. টি. এম. আজহারুল ইসলাম এমপি।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, শিক্ষা শিবির চলাকালে ড. নুরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করে তার পক্ষে কাজ করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেন এ. টি. এম. আজহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নগরবাসীর নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং সিলেট সিটিকে "একটি ইনসাফভিত্তিক, আধুনিক ও বাসযোগ্য মডেল নগরী" হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্র থেকে ড. নুরুল ইসলাম বাবুলকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি বাবুলকে "পরিচ্ছন্ন রাজনীতি ও সততার প্রতীক" আখ্যায়িত করে এই বার্তা নগরীর প্রতিটি ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিলেট মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন থানা ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। প্রার্থীর নাম ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

সমাবেশ থেকে অবিলম্বে সিসিকের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় গণসংযোগ জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।