সিলেট নগরের আবাসিক এলাকায় গড়ে তোলা গোপন মদের গুদামে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯।
মঙ্গলবার (২৮ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে নগরের ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নতুনবাজার সংলগ্ন একটি বাসায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৯ সূত্র জানায়, উদ্ধার হওয়া মদের সঠিক সংখ্যা এখনও গণনা করা সম্ভব না হলেও প্রাথমিকভাবে ৬০০+ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি।
র্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসার নিচতলার একটি স্টোর রুম থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে। এখনও গণনা সম্পন্ন না হলেও প্রাথমিকভাবে উদ্ধার হওয়া মদের সংখ্যা ৬০০-র বেশি বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত গণনা শেষে সঠিক সংখ্যা জানানো হবে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি। তবে গণনা শেষে সঠিক মূল্য নির্ধারণ করা হবে।
র্যাব জানায়, বাড়িটির তত্ত্বাবধায়ক প্রবাসীর ছোট ভাই আবু সত্তারকে এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়েছে। তার হেফাজতেই এসব বিদেশি মদ সংরক্ষণ করা হতো এবং সেখান থেকে বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
এছাড়া অভিযান চলাকালে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজন চালককে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেজর সাদমান বলেন, এটি একটি আবাসিক এলাকায় পরিচালিত গোপন মদের গুদাম। দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ বিদেশি মদের চালানের তথ্য পাওয়া গেলেও গুদামটির অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এবার সেই গুদাম শনাক্ত করে অভিযান চালানো হয়েছে।
র্যাব জানায়, জব্দ হওয়া মদ আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।



