...|...|...

রাজশাহী

সিরাজগঞ্জের ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, বিকেল ৫:০৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৯
Shares
সিরাজগঞ্জের ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ছবি: অভিযুক্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশের আলী।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৪ নম্বর ঘুড়কা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশের আলীর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৩০ শতাংশ হারে অর্থ আদায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তার অপসারণ দাবি করেছেন ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য। এ ঘটনায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগপত্রে ইউপি সদস্যরা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় নেতাদের ৫ থেকে ৬ লাখ টাকা দিয়ে নওশের আলী অবৈধভাবে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৩০ শতাংশ হারে অর্থ আদায় করে আসছেন। কেউ অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাকে পরবর্তীতে প্রকল্প না দেওয়াসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের ১ শতাংশ অর্থের কোনো হিসাব না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। এছাড়া নিয়মিত সভা না করে ভুয়া খরচ দেখিয়ে অর্থ আত্মসাৎ, গর্ভবতী ভাতার কার্ড করে দেওয়ার নামে ৫ থেকে ৮ হাজার টাকা করে ঘুষ গ্রহণ, গ্রাম আদালতের বিচার কার্যক্রমে অর্থ বাণিজ্য এবং ওয়ারিশান সনদ প্রদানের ক্ষেত্রেও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ঘুড়কা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশের আলী। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সকল কাজে ইউপি সদস্যদের কেন ডাকতে হবে, এমন কোনো নিয়ম নেই।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে প্রশাসনের তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও দায়-দায়িত্ব নির্ধারণ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।