সিনেমার বাইরে আবাসন ব্যবসায়ও যে বেশ দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান, তার আরেকটি প্রমাণ মিলল সম্প্রতি। মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় নিজের আরেকটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন তিনি, যা থেকে ভালো অঙ্কের মুনাফাও ঘরে তুলেছেন এই তারকা।
প্রতিবেদন সূত্রে জানা যায়, বান্দ্রার এই ফ্ল্যাটটি সাড়ে ৩ কোটি রুপিতে বিক্রি করেছেন সালমান। ২০১৫ সালে প্রায় পৌনে ৩ কোটি রুপিতে সম্পত্তিটি কিনেছিলেন তিনি। প্রায় এক দশক পর চলতি বছরের ৯ জুলাই ফ্ল্যাটটির বিক্রি সংক্রান্ত আইনি নথিভুক্তিকরণ সম্পন্ন হয়েছে। ৭৫৮ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটের প্রতি বর্গফুট বিক্রি হয়েছে প্রায় ৪৬ হাজার টাকা দরে, আর এই লেনদেন থেকে সালমানের নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৬২ লাখ রুপি।
দুটি আলাদা গাড়ি পার্কিংয়ের সুবিধাসহ আধুনিক এই ফ্ল্যাটটি নিজের নামে করতে গিয়ে নতুন মালিককে সরকারি কোষাগারে ২১ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয়েছে।
গত দুই বছরে এটি সালমানের দ্বিতীয় ফ্ল্যাট বিক্রির ঘটনা। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে একই আবাসন কমপ্লেক্সে ১,৩১৮ বর্গফুটের তুলনামূলক বড় একটি ফ্ল্যাট প্রায় সাড়ে ৫ কোটি টাকায় বিক্রি করেছিলেন তিনি। তবে সম্পত্তি কেনাবেচা চললেও নিজের বসতবাড়ি বদলাননি সালমান। বহু বছর ধরে বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এই পরিবারের সাথে থাকছেন তিনি, যেখানে তাকে একনজর দেখতে সারাবছরই ভিড় জমান ভক্তরা।
পুরোনো সম্পত্তি বিক্রির পাশাপাশি নতুন বিনিয়োগেও পিছিয়ে নেই খান পরিবার। চলতি বছরের জুনে বান্দ্রার চিম্বাই এলাকায় একটি নতুন আবাসিক টাওয়ার নির্মাণের অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, যা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কাছাকাছিই অবস্থিত। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে আবাসন খাতে বিনিয়োগ ক্রমেই বাড়াচ্ছেন এই বলিউড তারকা।



