দীর্ঘদিনের অপেক্ষার পর আবারও হতাশ হতে হলো সংগীতপ্রেমীদের। কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকা কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছে।
আগামী ১ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই মেগা কনসার্টটি আয়োজিত হওয়ার কথা ছিল। যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে ছিল ট্রিপল টাইম কমিউনিকেশন। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ ছিল। তবে একেবারেই শেষ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে কনসার্টটি আয়োজন না করার নির্দেশনা জারি করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রিপল টাইম কমিউনিকেশন সরকারের এই সিদ্ধান্ত ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেছে। এক পোস্টে তারা উল্লেখ করে, সব অনুমোদন দেওয়ার পরও ‘অনিবার্য কারণ’ দেখিয়ে অনুপম রায়ের শো বাতিল করল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আগামী ১ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে বহু প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টটি আয়োজিত হওয়ার কথা ছিল।
তাদের ভাষ্যমতে, অনুষ্ঠানটি আয়োজনের জন্য আয়োজকরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সব অনুমোদন ও আনুষ্ঠানিকতা যথানিয়মে সম্পন্ন করেছিলেন। তবে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, সব প্রস্তুতি এবং অনুমোদন থাকা সত্ত্বেও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে অনুষ্ঠানটি না করার নির্দেশ দিয়েছে। ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।
আয়োজকরা আরও বলেন, হঠাৎ গৃহীত এই সিদ্ধান্তের ফলে শুধু সংগীত অনুরাগী বা টিকিটপ্রার্থীরাই নন শিল্পী, স্পন্সর, পার্টনারসহ ইভেন্টের সাথে জড়িত প্রতিটি মানুষের মধ্যেই গভীর হতাশার সৃষ্টি হয়েছে।
তবে টিকিট কেনা দর্শকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন আয়োজকরা। অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। আগামী রবিবারের মধ্যে এই রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন তারা।


