কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ মনিরুজ্জামান জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা যায়, ২০২৪ সালের ৮ অক্টোবর তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। পরে ৩১ অক্টোবর দিনাজপুর থেকে অবমুক্ত করা হলেও তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেননি। বিষয়টি জানানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে।
এরপর ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি তাকে বদলি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলেও সেখানেও তিনি যোগ দেননি। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২০২৪ সালের ১ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়।
তদন্তে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়। পরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শের পর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪(৩)(ঘ) অনুযায়ী গুরুদণ্ড হিসেবে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।


